প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

কুমিল্লার আলোচিত এক সাবেক আমলা ও প্রভাবশালী ব্যবসায়ী নেতা ঢাকায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার বহুল আলোচিত এক সাবেক আমলা ও ব্যাপকভাবে সমালোচিত এক ব্যবসায়ী ঢাকায় গ্রেফতার হয়েছেন। তারা দুই জনই নিজ নিজ অঙ্গনে পতিত স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। গ্রেফতারকৃতরা হলেন শেখ হাসিনার উপদেষ্টা, সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। কামাল আবদুর নাসের চৌধুরীর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে এবং নজরুল ইসলাম মজুমদারের বাড়ি কুমিল্লার লাকসামে। গোয়েন্দা পুলিশ মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে জানিয়ে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “তাদের প্রত্যেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে।” সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

গত জানুয়ারি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কামাল আবদুল নাসের চৌধুরীকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিলেন শেখ হাসিনা। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ছিলেন। এ ছাড়া তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি বাস্তবায়নের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বেসরকারি এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এক্সিম ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে নজরুল ইসলাম মজুমদারকে সরিয়ে ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। এর আগে তিনি ২০০৭ সাল থেকে ব্যাংকটিতে চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। এ ছাড়া প্রায় দেড় দশক ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। ৫ আগস্টের পর বিএবির সভাপতির দায়িত্ব থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইমন হোসেন গাজী নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানায়, করা মামলায় এক্সিম ব্যাংক ও ব্যাংক মালিকদের সংগঠন বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে ৭ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ রিমান্ড আদেশ দেন।

বুধবার ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামি নজরুল ইসলাম মজুমদারকে হাজির করে ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহাবুল ইসলাম। শুনানি শেষে বিচারক আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রিন্ট করুন