কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের প্রবাসীদের সংগঠন “কৃষ্ণপুর রেমিট্যান্স গ্রুপ” এর নতুন অফিস উদ্বোধন করা হয়েছে এবং বিধবা লালু বেগমকে ঘর সংস্কারের জন্য ৩৮ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে।
“সুশীল ও শিক্ষিত সমাজ উন্নয়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ হই” এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার, ৮ নভেম্বর কৃষ্ণপুর জামে মসজিদ সংলগ্ন কৃষ্ণপুর রেমিট্যান্স গ্রুপের নতুন অফিস কেক কেটে উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে বিধবা লালু বেগমকে ঘর সংস্কারের জন্য ৩৮ হাজার টাকার ১৭তম অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপদেষ্টা সদস্য সৈয়দ আব্দুল আউয়াল মুরাদ বলেন, “জন্মলগ্ন থেকে দেখেছি প্রতি মাসে কৃষ্ণপুর রেমিট্যান্স গ্রুপের কোনো না কোনো কার্যক্রম থাকে। গত মাসে তাদের ১৬তম কার্যক্রমে আমার গ্রামের মোস্তফা ওমানে মৃত্যুবরণ করলে তাকে দেশে আনার প্রক্রিয়ার জন্য সংগঠিত বড় একটি অনুদান ৪৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া সংগঠনটি প্রতি বছর ইফতার সামগ্রী বিতরণ, বিয়ে, পড়াশোনাসহ বিভিন্ন সামাজিক এবং মানবিক কার্যক্রম পরিচালনা করে।”
অনুদান পেয়ে ইউসুফ বলেন, “আমার অসুস্থতার সময়ে কৃষ্ণপুর রেমিট্যান্স গ্রুপ আমাকে ৫-৬ মাস আগে আমার চিকিৎসার জন্য অনুদান দেয়, আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি।”
অনুষ্ঠানে পরিচালনা করেন উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইব্রাহিম। এছাড়াও বক্তব্য রাখেন নরুল ইসলাম সরদার, মাওলানা আব্দুল কাদের, নুসরাত জাহান মীম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জামাল উদ্দিন, জসিম উদ্দিন, আরিফুর রহমান, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হেলাল উদ্দিনসহ আরো অনেকে।
উল্লেখ্য, কৃষ্ণপুর রেমিট্যান্স গ্রুপ (প্রবাসীদের সংগঠন) ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি বিভিন্ন সামাজিক এবং মানবিক কাজে অবদান রেখে যাচ্ছে। সংগঠনটির কমিটির প্রতিষ্ঠাতা হোসাইন মোহাম্মদ হানিফ।

নিজস্ব প্রতিবেদক :