প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ব্রাহ্মণপাড়ায় ভারতীয় চোরাই মালামাল জব্দ

ফয়েজ আহাম্মদ ভূইয়া :

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন বাজি, কসমেটিকস ও চিনি জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১১ লাখ ৩৮ হাজার ৭২০ টাকা। শুক্রবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। তবে টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
শশীদল রেলওয়ে স্টেশন, মেইন পিলার ২০৫৯/২ এস হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ছামিউল ইসলাম এর নেতৃত্বে বিজিবি শশীদল টিম ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সহযোগিতায় প্রায় ১১ লক্ষ ৩৮ হাজার ৭২০ টাকার ভারতীয় চোরাইমাল জব্দ করা হয়। জব্দকৃত মালামাল বিজিবি শশীদল কমান্ডার এর জিম্মায় রাখা হয়েছে।
জব্দকৃত ভারতীয় মালামালসমূহ: বাসমতি চাউল, কালার কালেকশন বাজি, টেমপল রান বাজি, সুপ্রিম বিগ বাজি, জনশন বেবি লোশন, ফেন্সি চকলেট বাজি, ওয়াও স্টার ডান্স বাজি, ফুসকা।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর ২০২৪ তারিখেও উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে একই স্থানে আরেকটি অভিযান পরিচালনা করা হয়েছিল। সেবার জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ছিল ৫,৯৯,৩০০ টাকা।
অভিযানে নেতৃত্ব দেওয়া উপজেলা নির্বাহী অফিসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ছামিউল ইসলাম জানান, ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন