প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

দেবিদ্বারে পাওনা টাকা ও রাস্তা নিয়ে সংঘর্ষে সাধারণ পরিবারগুলো বিপর্যস্ত

অনলাইন ডেস্ক

পারভেজ সরকার, দেবিদ্বার :

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বকরিকান্দি গ্রামে পাওনা টাকা ও রাস্তা নিয়ে দুই বাড়ির মধ্যে গত এক বছরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে কয়েকটি সাধারণ পরিবার ভুক্তভোগী হয়েছে। তাদের বাড়িঘর ভেঙেছে, লুট হয়েছে টাকা-পয়সা ও স্বর্ণ-অলংকার, এমনকি গরু-ছাগলও নিয়ে গেছে সংঘর্ষকারীরা। গরুর খামারে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
শুক্রবার সকালে গ্রামবাসী ও ভুক্তভোগী পরিবারগুলোর সাথে কথা বলে জানা যায়, এ গ্রামের কাউসার ও তার ভাই মমিনের সাথে টাকা নিয়ে দীর্ঘদিন দ্বন্দ্ব চলছে আব্দুল কাদেরের। কয়েকদিন পরপর সংঘর্ষের ঘটনা ঘটে। সম্প্রতি রাস্তা নিয়েও দ্বন্দ্ব বাধে। বুধবার রাতে কথা কাটাকাটির জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কাদেরের লোকজন কাউসার ও মমিনের লোকজনের বাড়িঘরে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মনি বেগমকে ভাঙচুর হওয়া বসতঘরের সামনে অঝোরে বিলাপ করতে দেখা যায়। তিনি বলেন, “বুধবার আমি আমার বাপের বাড়িতে গেছিলাম। পরদিন সকালে খবর পাই, আমার ঘর ও আসবাবপত্র ভেঙে চুরমার করে ফেলেছে। আমার কি অপরাধ? আমার ঘরের লোকজন তো কেউই এই দ্বন্দ্বে নাই।”
একই ঘটনা ঘটেছে কবির হোসেনের বাড়িতে। কবিরের স্ত্রী আকলিমা বেগম বলেন, “আমার ঘর ভাঙচুর করে আলমারি ড্রয়ারের থেকে দুটি কানের দুল ও দুটি চেন চার ভরি স্বর্ণ নিয়ে গেছে কাদেরের লোকজন। কারেন্টের তার কেটে নিয়েছে তারা।”
এছাড়াও আবু তাহেরের ২ গরু ও নগদ কিছু টাকা লুটে নেওয়ার অভিযোগ করেছেন তিনি। ফরিদা বেগমের বিল্ডিংয়ের জানালার কাঁচ ভেঙে দিয়েছে একই বাড়ির লোকজন। এসব লুটপাটে নেতৃত্ব দিয়েছে অন্তত বিশ জন অস্ত্রধারী যুবক। এ সময় আতঙ্কে পালিয়ে গিয়েছিলেন তারা।
ফরিদা বেগম বলেন, “আমার ছেলেরা মমিনু ও কাউসার কাছে কাজ করেছে। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। কাদের কাউসারের দ্বন্দ্ব হয়েছে, ওদের তো কোন দোষ নাই। আমরা কাদেরের পক্ষে কথা না বলায় এই ঘটনা ঘটিয়েছে তারা।”
এ বিষয়ে জানতে আবদুল কাদেরের বাড়িতে গিয়ে ও তার মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও কথা বলা সম্ভব হয়নি। মমিন মিয়া বলেন, “আব্দুল কাদের ও তার লোকজন দেবিদ্বারের সাবেক এমপি আবুল কালাম আজাদের অনুসারী ছিলেন। কালাম উপজেলা চেয়ারম্যান থাকার সময় থেকেই আমাদের উপর নির্যাতন চালিয়েছে তারা। হত্যার দায়ে এমপি কালাম পালিয়ে গেলেও তার দোসর কাদের ও তার লোকজন এখনো রয়ে গেছে।”
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মো. ইলিয়াস বলেন, “সংঘর্ষের সংবাদ পেয়ে সেনাবাহিনী এবং পুলিশ টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।”

প্রিন্ট করুন