প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

অন্তর্বর্তী সরকারের দ্রুত সংস্কার ও নির্বাচনের দাবি : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করা।’ তিনি দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছেন যেন তারা এমন কোনো কথা না বলেন যা জাতীয় ঐক্য নষ্ট করতে পারে। তিনি বলেন, ‘এই মুহূর্তে দেশে ঐক্যের বড় প্রয়োজন। সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ‘বাংলাদেশ ক্রান্তিকাল পার করছে। একটি ফ্যাসিবাদী সরকার বাংলাদেশকে শেষ করে দিয়েছে। আমরা ছাত্র-জনতা স্বৈরাচার শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি। অত্যাচার করে বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যায় না। কিন্তু হাসিনা ভারতে গিয়ে দিল্লিতে বসেও ষড়যন্ত্র করছে। ভারত আমাদের বৃহত্তর প্রতিবেশী। কিন্তু ভারত যদি মনে করে শুধু আওয়ামী লীগই তাদের বন্ধু, এটা ভুল।’

কুমিল্লার লাকসাম জংশন স্টেডিয়ামে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি স্মরণ করিয়ে দেন, শেখ হাসিনার শাসনামলে গুম হওয়া লাকসামের বিএনপি নেতা হিরু হুমায়ূনের সন্তানদের কথা। তিনি বলেন, ‘এমন ৭০০ নেতা-কর্মীকে গুম করা হয়েছে। তার মধ্যে সিলেটের নেতা ইলিয়াসকেও গুম করা হয়েছে। ৬০ লাখ নেতা-কর্মীর নামে মামলা দিয়েছে শেখ হাসিনা।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘এখন যে ব্যবস্থা চলছে তাতে শান্তি আসবে না। তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন তাতেই সমাধান আছে। দয়া করে দেশকে আর নৈরাজ্যের দিকে নিয়ে যাবেন না। যতটুকু সংস্কার দরকার, ততটুকু সংস্কার করুন। কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচন দিন এবং ভোটের একটি রোডম্যাপ জনগণকে জানিয়ে দিন।’

উপস্থিত নেতৃবৃন্দ : লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক এবং বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালামের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন দলটির ভাইস চেয়ারম্যান বরকাতুল্লাহ বুলু, লাকসাম-মনোহরগঞ্জ সংসদীয় আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীসহ আরও অনেকে।

প্রিন্ট করুন