নাটোরের সিংড়ায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন, যার মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার রাতে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের কান্তনগর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ইউনুস (৪০), মাসুদ রানা (৩৫) এবং সাইবর (৪২) রয়েছেন। ইউনুস ও মাসুদ রানা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং সাইবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব বিরোধের জের ধরে চৌগ্রামের কান্তপুর গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত দফায় দফায় বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একটি দোকান লুটপাটের ঘটনাও ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত রফিকুল ইসলাম জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কোন পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি, তবে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অনলাইন ডেস্ক :