কুমিল্লায় দাউদকান্দি বিশ্বরোডের মোহন পাম্প এলাকায় বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১০ মার্চ) সন্ধ্যা ১৮:৩০ বাংলাদেশ সময় জেলা গোয়েন্দা শাখার এসআই রিপন সরকারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
মঙ্গলবার দুপুর ১২টায় কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. নাজির আহমদ খাঁন এসব তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা হলো দাউদকান্দি উপজেলার চরচারুয়া গ্রামের মো. মামুন (৩৭) এবং চট্টগ্রামের মনসুরাবাদ গ্রামের মো. আরিফ (৩১)।
গ্রেপ্তারের পর মামুন ও আরিফের বাড়ি তল্লাশি করে ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, মোট ৬ রাউন্ড গুলি, একটি দেশি পাইপগান এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামুন আন্তঃজেলা রোড ডাকাত দলের এবং আরিফ নৌযান ডাকাত দলের সক্রিয় সদস্য।
পুলিশ সুপার আরও জানান, আসন্ন ঈদকে কেন্দ্র করে অপরাধ প্রতিরোধে কুমিল্লা জেলার প্রতিটি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসা এবং চাঁদাবাজি প্রতিরোধে কুমিল্লা জেলা পুলিশ সুপারের সরাসরি নির্দেশনায় এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরফাতুল ইসলাম এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় The Arms Act 1878 এর 19(A)/19(F) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

রুহুল আমিন চৌধুরী সুমন :