কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ৫৮তম ব্যাচের শিক্ষার্থীরা যথাসময়ে ইন্টার্নশিপ ভাতা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। নিয়ম অনুসারে প্রতিটি ব্যাচের ৮ম পর্বের শেষ ব্যবহারিক পরীক্ষার দিন ইন্টার্নশিপের টাকা দেওয়ার কথা থাকলেও, প্রায় দুই মাস অতিবাহিত হলেও শিক্ষার্থীরা এখনও ভাতা পাননি।
শিক্ষার্থীদের অভিযোগ, কারিগরি বোর্ড কর্তৃপক্ষ এখনো কোনো ব্যাখ্যা বা নির্ধারিত সময় জানাননি। এমনকি বিভাগীয় প্রধানরাও এই বিষয়ে শিক্ষার্থীদের কোনও সঠিক তথ্য বা জবাব দিতে পারেননি। এ নিয়ে শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেছেন।
একজন ৮ম পর্বের শিক্ষার্থী (নাম প্রকাশ অনিচ্ছুক) বলেন, “আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর টাকা দেওয়ার কথা ছিল ব্যবহারিক পরীক্ষা শেষে। তবে ২ মাস পার হলেও এখনো টাকা পাইনি। অধ্যক্ষ স্যারও এ বিষয়ে কোনো সুস্পষ্ট জবাব দিতে পারেননি। আমরা এই কালক্ষেপণ নিয়ে উদ্বিগ্ন এবং দ্রুত আমাদের প্রাপ্য অর্থ বুঝিয়ে দেওয়া হোক।”
এছাড়াও শিক্ষার্থীরা জানিয়েছেন, ইন্টার্নশিপের টাকা না পাওয়ার কারণে ডিপ্লোমা সাটিফিকেট এবং এসএসসি মূল সাটিফিকেট নিতে সমস্যা হচ্ছে। শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং জানিয়েছেন, আগামী পাঁচ দিনের মধ্যে টাকা না দেওয়া হলে ১৬ তারিখ ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করবেন।
এ বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ জানান, “বাজেট পাশ না হওয়ার কারণে শিক্ষার্থীদের টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। বিষয়টি দ্রুত সমাধানের জন্য চেষ্টা চলছে।”

কুমিল্লা পলিটেকনিক প্রতিনিধি :