প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

ওসি বদলির খবরে থানায় পাওনাদারদের ভিড়

অনলাইন ডেস্ক :

ময়মনসিংহের নান্দাইল থানার ওসি ফরিদ আহম্মেদের বদলির খবরে থানায় ভিড় জমিয়েছেন অসংখ্য পাওনাদার। আইনশৃঙ্খলার অবনতিসহ নানা অভিযোগে আলোচিত এই ওসিকে প্রশাসনিক নির্দেশে বৃহস্পতিবার (১৩ মার্চ) পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। আজ শুক্রবার (১৪ মার্চ) ভোরে তিনি কর্মস্থল ত্যাগ করেন।

স্থানীয়রা অভিযোগ করেছেন, ওসি ফরিদ দায়িত্ব পালনের সময় নানান বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। পাওনাদারদের অভিযোগ, ওসি ফরিদ বিভিন্ন সময় তাদের থেকে পণ্য এবং টাকা নিয়েছেন কিন্তু তা পরিশোধ করেননি। নান্দাইল পৌর বাজারের প্রাইম কালেকশনের মালিক মোফাজ্জল হোসেন খান জানান, ওসি ফরিদ তার দোকান থেকে প্রায় ১ লাখ ৪ হাজার ২৫০ টাকার পণ্য নিলেও তা শোধ করেননি। একইভাবে সুবর্ণ ইলেক্ট্রনিক্সের মালিক ফরহাদ জানিয়েছেন, ফ্যানসহ তার দোকানের কিছু পণ্য বাবদ ১১ হাজার টাকা বকেয়া রয়েছে।

অন্যদিকে, বদলির আগের রাতেই ওসি ফরিদের বিরুদ্ধে পাঁচটি মামলা রেকর্ড করার জন্য অভিযোগকারীদের কাছ থেকে ৭৮ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এসব বিষয়ে জানতে ওসি ফরিদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার জানান, “ওসির কাছে সাধারণ লোকজন টাকা পায়, এটি খুবই দুঃখজনক।” তিনি এ বিষয়ে তদন্ত করবেন বলে আশ্বাস দেন।

নান্দাইল থানায় ওসি ফরিদের কার্যক্রম নিয়ে জনমনে ক্ষোভ এবং হতাশা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত এই বিষয়গুলোর সুষ্ঠু তদন্ত এবং সমাধান দাবি করেছেন।

প্রিন্ট করুন