প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

অবন্তিকার মৃত্যু : এক বছরেও চার্জশিট হয়নি, মায়ের ক্ষোভ

মাসুক আলতাফ চৌধুরী :

মারা যাওয়ার আগে ফেসবুকে ফাইরুজ সাদাফ অবন্তিকা (২৪) লিখেছিলেন, ‘আমি জানি এটা কোনো সলিউশন না, কিন্তু আমাকে বাঁচতে দিতেসে না, বিশ্বাস করুন। আমি বাঁচতে চাইছিলাম… এটা সুইসাইড না মার্ডার। টেকনিক্যালি মার্ডার।’ এরপরই কুমিল্লার বাগিচাগাঁওয়ের ভাড়া ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

গত বছরের ১৫ মার্চ রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অবন্তিকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে মাস্টার্স করছিলেন। অনার্স পরীক্ষায় তৃতীয় স্থান অর্জনকারী এই মেধাবী শিক্ষার্থীর ইচ্ছা ছিল বিচারক হওয়ার। কিন্তু প্রেম প্রত্যাখ্যানের জেরে সহপাঠী রায়হান সিদ্দিক আম্মান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ ওঠে।

অবন্তিকার মা তাহমিনা বেগম অভিযোগ করেন, তার মেয়েকে দেড় বছরের বেশি সময় ধরে উত্ত্যক্ত করা হচ্ছিল। অভিযুক্তরা ছাত্রলীগ-আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় মামলার তদন্তে প্রভাব বিস্তার করা হয়েছে।

তাহমিনা বেগম আরও জানান, মৃত্যুর আগে অবন্তিকা ফেসবুকে স্পষ্ট করে লিখে গেছেন, ‘আমার মৃত্যুর জন্য দায়ী আমার ক্লাসমেট আম্মান সিদ্দিকী এবং তাকে সাপোর্টকারী সহকারী প্রক্টর দ্বীন ইসলাম।’

অভিযুক্তদের দ্রুত জামিন এবং তদন্তে ধীরগতির কারণে ক্ষোভ প্রকাশ করেছেন তাহমিনা বেগম। তিনি মনে করেন, তার মেয়ের মৃত্যুর সঠিক বিচার না হলে এমন ঘটনা আরও ঘটতে পারে।

কুমিল্লা কোতোয়ালি থানার বর্তমান তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, মামলার তদন্ত চলছে। তবে কবে নাগাদ শেষ হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সূত্র : কালবেলা

প্রিন্ট করুন