কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের কাকৈরতলা গ্রামের বাসিন্দা ও দুবাই প্রবাসী আরিফ হোসেন মিয়াজীর কাছে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ঢাকা বনানী থানাধীন প্লানবি নামক স্থানে।
ভুক্তভোগী আরিফ হোসেন মিয়াজী শনিবার (১৫ মার্চ) ভোর ৫টা ১৫ মিনিটে বনানী থানায় নাজিম উদ্দীন (৫৪), ইব্রাহিম হোসেন রনি (৩৯) এবং অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার নম্বর – ৮, বনানী থানা।
নাজিম উদ্দীন (৫৪):** রাঙ্গামাটি জেলার ফটিকছড়ি উপজেলার বাসিন্দা, ইব্রাহিম হোসেন রনি (৩৯) ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৫ মার্চ (শনিবার) রাত আনুমানিক ১টা ১০ মিনিটে বনানী থানাধীন প্লানবি নামক স্থানে আরিফ হোসেন মিয়াজীর পথরোধ করে অভিযুক্তরা অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় তার কাছ থেকে ৩০ হাজার ৫০০ টাকা জোরপূর্বক নিয়ে যায় এবং ২ কোটি টাকা চাঁদা দাবি করে।
চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হলে এবং বনানী টহল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে আরিফ হোসেন মিয়াজীকে উদ্ধার করা হয়। অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে নাজিম উদ্দীন এবং ইব্রাহিম হোসেন রনিকে পুলিশ আটক করে।
বনানী থানার ওসি রাসেল সরোয়ার জানান, “গতকাল রাতে দুইজনকে আটক করা হয়েছে। আজ তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।”
এই চাঁদাবাজির ঘটনায় ভুক্তভোগী আরিফ হোসেন মিয়াজী মামলা দায়ের করেছেন এবং পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে।

নিজস্ব প্রতিবেদক :