প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় আলোচিত এডভোকেট কালাম হত্যা মামলার আসামি শ্যুটার রাজিব গ্রেফতার

রুহুল আমিন চৌধুরী সুমন :

কুমিল্লা নগরীর মোগলটুলী এলাকায় এডভোকেট আবুল কালাম আজাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি এম ডি রাজীব ওরফে শ্যুটার রাজিবকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গত ২০ মার্চ রাতে বিশেষ অভিযানে তাকে মোগলটুলীর একটি এপার্টমেন্টের খাটের নিচ থেকে গ্রেফতার করা হয়।

যৌথবাহিনীর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজিবকে তার লুকিয়ে থাকার স্থান থেকে আটক করে। জানা যায়, গ্রেফতার এড়াতে রাজিব খাটের নিচে লুকিয়ে ছিলেন। তবে শেষ পর্যন্ত তার এই প্রচেষ্টা ব্যর্থ হয়।
অভিযোগের বিবরন থেকে জানা যায়,গত বছরের ৫ আগস্ট, শেখ হাসিনার দেশত্যাগের পর কুমিল্লা নগরীতে আনন্দ মিছিল ও সহিংসতা শুরু হয়। আদালতে সহিংসতার খবর শুনে বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি কাইমূল হক রিংকু, তার দুই ছেলে এবং এডভোকেট আবুল কালাম আজাদসহ কয়েকজন আইনজীবী আদালতে যাওয়ার পথে হামলার শিকার হন।

নগরীর ০৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ রায়হানের নেতৃত্বে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে গুলি ও ককটেল ছোড়ে। এ সময় এডভোকেট আবুল কালাম কোমরে গুলিবিদ্ধ হন এবং রিংকু ও তার দুই ছেলে সহ আরও ৬-৭ জন আইনজীবী আহত হন। স্থানীয়রা আহতদের কুমিল্লা মেডিকেল হাসপাতালে নিয়ে যান। পরে আবুল কালামের অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে এবং পরবর্তীতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে তিনি মারা যান।
কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, রাজিবকে গ্রেফতারের মাধ্যমে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে।
এই গ্রেফতারের ঘটনায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। তারা আশা করছেন, মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

প্রিন্ট করুন