রাজধানীর মালিবাগের স্কাই সিটি হোটেলে শনিবার (২২ মার্চ) ১২ দলীয় জোটের ইফতার মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমাদের যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে। মত-ভিন্নতা থাকবে, আমরা বসব, আলোচনা করব। এমন কিছু করা থেকে বিরত থাকার চেষ্টা করব যাতে স্বৈরাচার বা তার প্রেতাত্মারা এদেশের মানুষের কাঁধে চেপে বসতে না পারে।”
ইফতার মাহফিলে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতারা অংশ নেন। তারেক রহমান আন্দোলনে সহকর্মী-আপনজনদের হারানোর কথা উল্লেখ করে বলেন, “যে ঐক্যকে নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় করেছিলাম, সেই ঐক্যকে ধরে রাখি। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নে।”
তিনি আরও বলেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া। শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নসহ দেশের বিভিন্ন খাতে পরিবর্তন আনতে হবে।”
ইফতারপূর্ব আলোচনায় ১২ দলীয় জোটের নেতারা বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন বিএনপির সেলিমা রহমান, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জামায়াতে ইসলামীর মিয়া গোলাম পরওয়ারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

অনলাইন ডেস্ক :