কুমিল্লার বুড়িচং উপজেলার ছাত্রদলের দলীয় কার্যালয়ে মঙ্গলবার রাতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ। বুড়িচং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন ভূঁইয়া এ ঘটনায় বুধবার বিকেলে থানায় মামলা দায়ের করেন। মামলায় যুবলীগ ও ছাত্রলীগের ১২ নেতার নাম উল্লেখ করা হয়েছে।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্টের পর থেকেই যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা ইকবাল হোসেন ভূঁইয়াকে হুমকি দিয়ে আসছিলেন। মঙ্গলবার রাত ১০টায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা যৌথভাবে দলীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলা চালায়।
ইকবাল হোসেন ভূঁইয়া দাবি করেন, “উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, তার ছেলে সিদ্ধার্থ এবং ভাতিজা সুজনসহ ১০-১৫ জন মিলে আমার অফিসে হামলা ও ভাঙচুর করেছে। আমি ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার চাই।”
বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল হক জানান, অভিযোগ পাওয়া গেছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
ঘটনাটি স্থানীয় রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে। এটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।

ফয়েজ আহাম্মদ ভূইয়া :