প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

মোঃ সাখাওয়াত হোসেন :

কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পোমগাঁও উচ্চ বিদ্যালয় এক অনন্য মাইলফলক ছুঁয়েছে। বৃহস্পতিবার, ৩ এপ্রিল বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় বর্ণাঢ্য মিলনমেলা। প্রাক্তন শিক্ষক ও ছাত্রছাত্রীদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দেশব্যাপী ছড়িয়ে থাকা প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতি এক অভূতপূর্ব উদাহরণ হয়ে দাঁড়ায়।

 

সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন ও আনন্দ র‍্যালির মাধ্যমে উৎসবের সূচনা হয়। এরপর প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, কৃতী সংবর্ধনা এবং ক্রেস্ট প্রদানসহ নানা আয়োজনে দিনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক সাবেক সচিব ড. একেএম জাহাঙ্গীর। সঞ্চালনায় ছিলেন মাইন উদ্দিন সোহাগ, ইকবাল মাহমুদ এবং আবুল কালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন সংসদ সচিবালয়ের সচিব মো. আনোয়ার উল্লাহ এফসিএমএ, অতিরিক্ত সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডা. মো. জিয়া উদ্দিন। আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার, কুমিল্লা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান প্রমুখ।

 

শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রধান অতিথি বলেন, “একশ বছর আগে যারা এই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, তাদের জন্য আমরা গভীর শ্রদ্ধা প্রকাশ করি। এই স্কুলের অবদান আমাদের দেশকে নেতৃত্ব দেওয়ার উপযোগী মানুষ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমাদের প্রত্যেকের উচিত একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নেওয়া।”

 

বিশেষ অতিথি মো. আনোয়ার উল্লাহ এফসিএমএ তাঁর বক্তব্যে বলেন, “আমরা একটি ফাউন্ডেশন করার পরিকল্পনা করছি, যা এই এলাকার উন্নয়ন ও শিক্ষার প্রসারে কাজ করবে। এই উদ্যোগ যত দ্রুত বাস্তবায়ন করা যায়, ততই মঙ্গল হবে।”

 

অনুষ্ঠানে বিদ্যালয়ের ইতিহাস তুলে ধরেন সাবেক প্রধান শিক্ষক আবুল বাশার। এছাড়া উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণ করে দিনটিকে আরও স্মরণীয় করে তোলেন।

 

অনুষ্ঠানটি এতটাই অনবদ্য ছিল যে কুমিল্লা জেলা প্রশাসক নিজেই এর প্রশংসা করে বলেন, “এই স্কুলের গৌরবের ইতিহাস শুধু দেশের গণ্ডিতেই নয়, বিশ্ব দরবারেও ছড়িয়ে পড়বে।”

 

এদিন উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন, এবং এলাকার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগীরা।

প্রিন্ট করুন