কুমিল্লা মহানগরীতে জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটনসহ ছয় আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহাবুবুর রহমানের বেঞ্চে শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে এ নির্দেশ দেওয়া হয়।
ছয় আইনজীবীর মধ্যে রয়েছেন—আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সাবেক এপিপি এ এম এম মহিন, অ্যাডভোকেট জহুর হাসান চৌধুরী সোহাগ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভূঁইয়া এবং অ্যাডভোকেট জাকির হোসেন। এ মামলার পলাতক দুই আসামি অ্যাড. জিয়াউল হাসান চৌধুরী সোহাগ ও অ্যাড. মইনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলায় মোট আসামি ২৬১ জন। গত ১১ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ইনজামামুল হক রানা বাদী হয়ে এ মামলা করেন। শুনানি চলাকালে আদালত প্রাঙ্গণে আন্দোলনকারীরা আসামিদের বিচারের দাবিতে স্লোগান দেন। কারাগারে প্রেরণের সময় বিক্ষুব্দ জনতা আসামিদের ওপর ডিম নিক্ষেপ করে।
মামলার বাদী একটি আপসনামাকে ভূয়া ও মিথ্যা দাবি করে তা আদালত অবমাননার শামিল বলে অভিহিত করেছেন এবং শাস্তির দাবি জানিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ দাবি করেছেন, এই ঘটনার পেছনে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

রুহুল আমিন চৌধুরী সুমন :