ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অব মাটি কাটার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সংলগ্ন ভেলানগর ও ফরদাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সরেজমিনে গিয়ে দেখা যায়, দুর্বৃত্তরা কৃষিজমির উর্বর মাটি কেটে ডোবায় পরিণত করেছে। এতে আশপাশের জমিও ক্ষতির মুখে পড়ছে। স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে ভেকু ও এস্কেভেটর দিয়ে এই মাটি কেটে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন স্থাপনা ভরাট কাজে।
স্থানীয় বাসিন্দা বাছির উদ্দিন, খাজা মিয়া, রহিম মিয়াসহ ১৩ জন আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তারা উল্লেখ করেছেন, জমির বিভিন্ন জায়গা থেকে মাটি কাটার ফলে বড় বড় গর্ত ও পুকুর তৈরি হয়েছে। রাতের বেলায় ট্রাকে করে মাটি নেওয়ার কারণে সড়কও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা আতঙ্কে আছেন যে, কৃষিজমির মাটি চুরি হয়ে যেতে পারে।
কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, ফসলি জমির উপরিভাগের ১০ থেকে ১২ ইঞ্চি মাটিতে মূল জৈব উপাদান থাকে। এই মাটি কেটে নেওয়া হলে জমির স্থায়ী ক্ষতি হয়, যা কৃষির জন্য মারাত্মক হুমকি। তাই ফসলি জমির মাটি কাটার কার্যক্রম বেআইনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বলেন, _”ব্যক্তিগত জমি থেকে মাটি কাটার অনুমতি নেই। কেউ যদি অবৈধভাবে মাটি কাটে, তাহলে অভিযান পরিচালনার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :