প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

বাবাকে হত্যা করে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে আত্মসমর্পণ তরুণীর

মো: সাখাওয়াত হোসেন (হৃদয়)- নিজস্ব প্রতিবেদক

সাভারের মজিদপুর কাঠালবাগান এলাকা থেকে ভোররাতে এক তরুণী নিজেই ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ ফোন করে জানায়, তিনি তার বাবাকে হত্যা করেছেন এবং আত্মসমর্পণ করতে চান। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং মেয়েটিকে হেফাজতে নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া তরুণীর নাম জান্নাতুল জাহান শিফা (২৩)। নিহত ব্যক্তি তার বাবা, আব্দুস সাত্তার (৫৫), যিনি নাটোরের সিংড়া উপজেলার ভগা গ্রামের বাসিন্দা ছিলেন। স্ত্রী মৃত্যুর পর তিনি মেয়েকে নিয়ে সাভারের একটি বহুতল ভবনের পঞ্চম তলায় ভাড়া থাকতেন।

শিফা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, দীর্ঘ চার বছর ধরে তার বাবা তাকে যৌন নির্যাতন করে আসছিলেন। ২০২২ সালে এই অভিযোগে নাটোরের সিংড়া থানায় একটি ধর্ষণ মামলাও দায়ের করেছিলেন তিনি। মামলার পর তার বাবাকে কারাগারে পাঠানো হলেও জামিনে মুক্তি পান। তবে মুক্তির পরেও তার আচরণে কোনো পরিবর্তন হয়নি।

বুধবার রাতে ফের নির্যাতনের চেষ্টা করলে শিফা রাত্রির খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে বাবাকে অচেতন করেন এবং ভোরে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে হত্যা করেন বলে পুলিশকে জানান।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং সব প্রাসঙ্গিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

প্রিন্ট করুন