প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

তন্ময়ের হাতে নির্যাতিত সাংবাদিক, রিমান্ডে মুখ খুলবে কি

নিজস্ব প্রতিবেদক

 

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লায় সাংবাদিক কাজী মীর আহমেদ মীরু-র ওপর হামলা ও মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদা দাবির ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত সাইফুল ইসলাম ওরফে তন্ময় চৌধুরীর এক দিনের পুলিশ রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত জাহান চৌধুরী এ আদেশ দেন।

সাইফুল, নগরীর শাকতলা এলাকার মৃত আবুল হাসেমের ছেলে, নিজেকে ভিসা কনসালটেন্সির কর্তা পরিচয়ে বছরের পর বছর ধরে প্রতারণা ও চাঁদাবাজিতে লিপ্ত ছিলেন বলে অভিযোগ।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম “ওয়ার্ল্ড ভিউ ট্যুরস অ্যান্ড ভিসা কনসালটেন্সি”-র ম্যানেজিং ডিরেক্টর দাবি করে স্টুডেন্ট ভিসা ও ওয়ার্ক পারমিট-এর প্রলোভনে মানুষকে ফাঁদে ফেলতেন। সাংবাদিক মীরুর ছেলেকে কানাডা পাঠানোর প্রস্তাব দিয়ে ভিসা অফিসের অস্তিত্বহীনতার বিষয়টি প্রকাশ্যে আসলে তিনি ক্ষুব্ধ হয়ে মীরুকে হুমকি দেন, সামাজিক মাধ্যমে কুরুচিপূর্ণ পোস্ট দিয়ে মানহানিকর অপপ্রচার চালান।

ঘটনার পরিণতিতে গত ৪ জুন, টমছম ব্রিজ এলাকায় সাইফুল ২ লাখ টাকা চাঁদা দাবি করেন ও অস্বীকৃতি পেলে সাংবাদিককে মারধর করে। এমনকি পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকিও দেন বলে অভিযোগ। এরপর ৫ জুন কোতোয়ালি মডেল থানায় মামলা করা হলে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

রিমাণ্ড শুনানিতে, মামলার তদন্ত কর্মকর্তা ৩ দিনের আবেদন করেন, তবে শুনানি শেষে বিচারক ১ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শাহেদা বেগম, আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মোশারফ হোসেন স্বপন।

প্রিন্ট করুন