প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

চৌদ্দগ্রামে রাতের আঁধারে নারীকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা, আটক ১

অনলাইন ডেস্ক

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে খোদেজা আক্তার (৪৩) নামে এক মধ্যবয়সী মহিলাকে গলায় ছুরিকাঘাতে হত্যাচেষ্টার ঘটনায় হামলাকারী স্থানীয় রং মিস্ত্রি মো: শাহীন (৪০) কে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর রাতে উপজেলার গুনবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামে। খোদেজা বেগম গুনবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামের মৃত মুছা কলিম উল্লার স্ত্রী এবং হামলাকারী শাহিন একই গ্রামের পাশ্ববর্তী বাড়ির মৃত ছুট্টু মিয়ার ছেলে। গলায় গুরুতর আঘাতপ্রাপ্ত খোদেজা বেগমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে তার অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খোদেজা বেগমের নতুন বিল্ডিং ঘরের রংয়ের কাজ করতেন হামলাকারী শাহিন। খোদেজা বেগমের একমাত্র ছেলে সোহাগ সৌদি প্রবাসী এবং একমাত্র মেয়ে লিমা আক্তার স্বামীর বাড়ী পাশ্ববর্তী ইউনিয়নের তারাশাইল গ্রামে অবস্থান করছেন। মহিলা ব্যতিত ঘরে আর কেউ না থাকায় মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটার দিকে চুরি কিংবা অন্য কোন উদ্দেশ্যে বসতঘরে প্রবেশ করেন শাহিন। মধ্যরাতে চিৎকার শুনে আশেপাশের মানুষ এসে খোদেজা বেগমকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশকে খবর দেয়।। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলাকে উদ্ধার করে এবং সকালে হামলাকারী শাহিনকে আটক করে।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, ঘটনাটি শুনার পর তাৎক্ষনিক পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠাই। ভিকটিম তখনো আস্তে আস্তে হামলাকারীরর নাম পিতার নাম বলতে পারছিলো। হামলাকারীর নাম শাহীন (৪০), তার পিতা ছুট্টু মিয়া। সে পেশায় একজন রং মিস্ত্রি। তাৎক্ষণিক অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে ভিকটিমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

প্রিন্ট করুন