নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৩ জুলাই গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
রাত ২টার দিকে দক্ষিণ ঝলম ইউনিয়নের মির্জাপুর সাতপুকুরিয়া উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ মাদক ব্যবসায়ী মোঃ ওবাইদুল হক নোমান (২৫) কে গ্রেপ্তার করা হয়।
একই রাতেই উপজেলার হাসনাবাদ ইউনিয়নের নয়ামতপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ ওমর ফারুক (২৭) কে ১০১ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন এবং নগদ ১৪১২ টাকা সহ গ্রেপ্তার করা হয়।
এছাড়া রাত ৩টার দিকে দুষ্কৃতিকারী এমরান (১৭) কে ১ টি দেশীয় অস্ত্র (চাপাতি) ও একটি মোবাইল ফোন সহ আটক করে যৌথ বাহিনী।
স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে মনোহরগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যরা উপজেলার মনোহরগঞ্জ বাজারসহ ১১টি ইউনিয়নে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে। স্থানীয়দের ভাষ্যমতে, এই অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, “গ্রেপ্তারকৃতদের কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”

নিজস্ব প্রতিবেদক