প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বাঞ্ছারামপুর প্রেসক্লাবের মানববন্ধন

মো. আলাউদ্দীন সাদি, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)

মো. আলাউদ্দীন সাদি, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর প্রেসক্লাব।

শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১২টায় উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মোল্লা মো. নাসির আহমেদ বলেন,

> “সাংবাদিক তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকের কণ্ঠরোধ নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি হুমকি। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করছি।”

 

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নিউজ২১-এর বিশেষ প্রতিনিধি মো. শামীম শিবলী বলেন,

> “রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এ ধরনের ঘটনা আমাদের প্রশ্নবিদ্ধ করে। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করেন; তাদের উপর হামলা মানে সত্যকে দমিয়ে রাখা এবং স্বৈরাচারী মনোভাব প্রতিষ্ঠার চেষ্টা। এই অপরাধের বিচার না হলে সমাজে নৈরাজ্য বাড়বে।”

 

সহ-সভাপতি ও দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি আলমগীর হোসেন বলেন,

> “আমরা সাংবাদিকরা কলমের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরি। কিন্তু যখন আমাদেরই নিরাপত্তা বিঘ্নিত হয়, তখন গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে।”

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ও দৈনিক খোলা কাগজ এর প্রতিনিধি ফয়সল আহমেদ খান (সঞ্চালক), তথ্য ও প্রযুক্তি সম্পাদক সোহাইল আহমেদ, কার্যনির্বাহী সদস্য মুফতি আলাউদ্দিন সাদী, মো. পলাশ মিয়া, সুমন চক্রবর্তী, মো. আতিকুর রহমান লিটন, মো. রোমন হায়দারসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

অংশগ্রহণকারীরা সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

প্রিন্ট করুন