প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

কুমিল্লায় ওয়ার্কশপ মালিক খুনের ঘটনায় ভাড়াটিয়া দম্পতির স্বীকারোক্তি

রুহুল আমিন চৌধুরী সুমন

 

রুহুল আমিন চৌধুরী সুমন,

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বড় দুর্গাপুরে ওয়ার্কশপ মালিক দুলাল মিয়া (৫০) হত্যার ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আদালতে দেওয়া জবানবন্দিতে ভাড়াটিয়া সুমি (২৫) স্বীকার করেছেন, ভাড়া নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে দুলাল মিয়া তার গায়ে হাত দিলে ক্ষিপ্ত হয়ে তিনি হত্যাকাণ্ড ঘটান। হত্যার পর মরদেহ গোপনে সরাতে সহায়তা করেন স্বামী শাকিব ওরফে ইমন (২৫)।

পুলিশ জানায়, রোববার (১০ আগস্ট) সকালে চাঁদপুর জনতা হাইস্কুল সংলগ্ন দুলাল মিয়ার নিজস্ব ওয়ার্কশপের বিশ্রাম কক্ষ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো ও ভোঁতা আঘাতের চিহ্ন ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ার্কশপের পাশাপাশি ভবনের একতলা বাড়িটি দেখাশোনা করতেন দুলাল মিয়া। শনিবার রাত ১১টার দিকে তিনি ভাড়াটিয়া সুমির বাসায় ভাড়া তুলতে যান। এ সময় বাকবিতণ্ডার একপর্যায়ে গায়ে হাত দেওয়ায় ক্ষিপ্ত হয়ে সুমি দুলাল মিয়াকে হত্যা করেন।

পরে রাত সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে শাকিব ইমনের সহায়তায় মরদেহটি ওয়ার্কশপের বিশ্রাম কক্ষে এনে রাখা হয়, যাতে ঘটনাটি অন্যভাবে উপস্থাপন করা যায়।

সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। আদালতে দেওয়া আসামিদের স্বীকারোক্তিতে হত্যার নেপথ্যের কারণ স্পষ্ট হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।”

 

প্রিন্ট করুন