কুমিল্লা নগরীর কালিয়াজুরি এলাকায় এক ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া আফরিন (২৪) ও তার মা তাহমিনা আক্তারের (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নেলী কটেজ নামের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাদের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন না থাকলেও, ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজসহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
বাড়ির মালিক আনিসুল ইসলাম রানা জানান, চার বছর আগে কুমিল্লা আদালতের হিসাবরক্ষণ কর্মকর্তা নুরুল ইসলাম বাসাটি ভাড়া নেন। তাঁর মৃত্যুর পর স্ত্রী তাহমিনা আক্তার সন্তানদের নিয়ে সেখানে বসবাস করছিলেন। পরিবারটি ছিল অন্তর্মুখী, কারও সঙ্গে তেমন যোগাযোগ করতেন না।
রোববার রাতে তাহমিনার দুই ছেলে ঢাকা থেকে বাসায় ফিরে দরজা খোলা অবস্থায় দেখতে পান। তারা প্রথমে ভাবেন মা ও বোন ঘুমিয়ে আছেন। কিন্তু দীর্ঘ সময় সাড়া না পেয়ে তাদের ডাকতে গিয়ে মরদেহ দেখতে পান। পরে ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রোববার সকাল ৮টা ৮ মিনিটে মাথায় টুপি, পাঞ্জাবি-পাজামা পরা এক অজ্ঞাত ব্যক্তি বাসায় প্রবেশ করেন। বেলা ১১টা ২২ মিনিটে তিনি বের হন এবং ১১টা ৩৪ মিনিটে আবারও প্রবেশ করেন। এরপর দুপুর ১টা ৩৫ মিনিট পর্যন্ত আর কোনো ফুটেজ পাওয়া যায়নি।
পুলিশ বলছে, তদন্ত চলছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ অন্যান্য আলামত যাচাই করা হচ্ছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিজস্ব প্রতিবেদক :