মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বিদেশি মদ, ওয়াকিটকি ও স্টীলের বিশেষায়িত লাঠি সহ মো: রাকিব হোসেন (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে নিজ বাড়ি থেকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পরে তাকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোর রাতে সেনাবাহিনীর চৌদ্দগ্রাম উপজেলা ক্যাম্পের একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত রাকিব উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের উনকোট গ্রামের তাজুল ইসলামের ছেলে। অভিযানকালে এক বোতল বিদেশী মদ, এক জোড়া করে ওয়াকিটকি ও ওয়াকিটকির চার্জার, একটি স্মার্ট (অ্যান্ড্রয়েড) মোবাইল ফোন ও একটি স্টীলের বিশেষায়িত (পোল্ডিং সিস্টেম) লাঠি জব্দ করা হয়। থানায় হস্তান্তরের পর আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অনলাইন ডেস্ক