আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের চেয়ারম্যান হন আতিকুল ইসলাম রিয়াদ। যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত রিয়াদ ছিলেন কুমিল্লা-৫ আসনের সাবেক এমপি এমএ জাহেরের ঘনিষ্ঠ এবং নিষিদ্ধ দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়বের আস্থাভাজন। দলীয় পদ না থাকলেও তিনি ছিলেন দাপুটে চেয়ারম্যান, যার বিরুদ্ধে রয়েছে রাষ্ট্রীয় সম্পদ লুট, দখল ও চাঁদাবাজির অভিযোগ।
২০২৪ সালের ৩ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালা কচুয়া এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় রিয়াদ ছিলেন ৫০ নম্বর আসামি। মামলার বাদী সোহেল রানা অভিযোগ করেন, রিয়াদের লোকজন তার কাছ থেকে জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে মামলা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা করেন। সেই স্বাক্ষর ব্যবহার করে রিয়াদ অ্যাফিডেভিট করেন এবং ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেনের কাছ থেকে ‘ভালো স্বভাবের’ প্রত্যয়নপত্র সংগ্রহ করেন।
ওসি দেলোয়ার হোসেন এ বিষয়ে বলেন, “বিএনপির বড় বড় নেতা সুপারিশ করেছেন। অনেক কিছু হয়েছে। শুধু শুধু আমাকে প্রেশার দিয়েন না।” তিনি জেলা বিএনপির সাবেক সদস্য সচিবের নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেন। যদিও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী জসিম উদ্দিন বলেন, “আমি কিছুই জানি না। কীসের প্রত্যয়নপত্র দিয়েছেন ওসি সাহেব?”
স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াদ সবসময় জেলা ও উপজেলা আওয়ামী লীগ-যুবলীগের কর্মসূচিতে সামনের সারিতে থাকতেন, নেতৃত্ব দিতেন এবং অর্থায়ন করতেন। এমনকি গত জাতীয় সংসদ নির্বাচনে এমপি জাহেরের পক্ষে নির্বাচনি প্রচারের দায়িত্বও পালন করেন।
তবে এতসব বিতর্কের মাঝেও রিয়াদের বিরুদ্ধে মামলার বাদী সোহেল রানা বলেন, “আমি ভুক্তভোগী, আমি তাদের নাম বাদ দেওয়ার পক্ষে নই।”
রিয়াদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।

অনলাইন ডেস্ক :