প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

তেলাপোকা, দালাল আর দুর্নীতির দখলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল

মো: সাখাওয়াত হোসেন (হৃদয়) স্ট্যাফ রিপোর্টার:

মো: সাখাওয়াত হোসেন (হৃদয়)

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এখন আর চিকিৎসা সেবার কেন্দ্র নয়, বরং ভয়, দুর্ভোগ আর অনিয়মের এক আতঙ্কজনক প্রতিচ্ছবি। চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনি ও কুমিল্লার প্রতিটি উপজেলা থেকে প্রতিদিন হাজার হাজার রোগী এই হাসপাতালে ছুটে আসেন চিকিৎসার আশায়। কিন্তু এখানে এসে তারা পান না বিশ্রামের সুযোগ, পান না নিরাপদ পরিবেশ—বরং পড়েন এক ভয়ংকর বাস্তবতার মুখোমুখি।

হাসপাতালের টয়লেট ও গোসলখানা ব্যবহার অনুপযোগী, দেয়াল ছ্যাতছ্যাতে ও নোংরা, বেডে ছারপোকা, দেয়ালে তেলাপোকার অবাধ বিচরণ। রোগী ও স্বজনরা আতঙ্কে দিন কাটান, রাতে ঘুমাতে পারেন না। খাবারে ঢুকে পড়ে পোকামাকড়, যা রোগীদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে স্পষ্ট দেখা গেছে হাসপাতালের দেয়ালজুড়ে শত শত তেলাপোকার দৌড়ঝাঁপ।

রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালের নার্স ও ইন্টার্ন চিকিৎসকদের আচরণ অত্যন্ত খারাপ। দায়িত্বে থাকা আয়া ও ওয়ার্ড বয়দের ব্যবহার জঘন্য, রোগী ও স্বজনদের টাকা-পয়সা ও মোবাইল চুরির ঘটনা ঘটছে নিয়মিত। হাসপাতালের দেয়ালে “দালাল মুক্ত” স্লোগান থাকলেও বাস্তবে পুরো হাসপাতালটি দালালদের অভয়ারণ্য। টাকা দিলেই মেলে সিট, ট্রলি। হাসপাতালের প্রধান ফটকে ভাসমান দোকান ও সিএনজি অটোরিকশা চলাচলে বাধা সৃষ্টি করছে, অথচ দেখার কেউ নেই। স্থানীয় বখাটেদের দাপটে রোগী ও স্বজনরা অসহায়, অনেকেই একটি পুলিশ ফাঁড়ির দাবি জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে চলা এই অনিয়ম-দুর্নীতির বিষয়ে দেশের শীর্ষ গণমাধ্যমে একাধিকবার প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বরং সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাও ঘটেছে, যাতে কয়েকজন আহত হন।

হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে নতুন করে। রোগী ও স্বজনরা বলছেন, হাসপাতাল একটি মানুষের পরিপূর্ণ চিকিৎসা সেবার জায়গা হওয়ার কথা, কিন্তু অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে তা এখন আতঙ্কের জায়গায় পরিণত হয়েছে। প্রশ্ন উঠেছে, এই হাসপাতালের অনিয়ম-দুর্নীতির শেষ কোথায়? রোগীরা কবে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে চিকিৎসা সেবা পাবেন?

এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

প্রিন্ট করুন