কুমিল্লার বুড়িচংয়ে (র্যাব)-১১ সিপিসি-২ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৩৩৫ বোতল ভারতীয় স্কাফ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
র্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ অক্টোবর) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার কোশাইয়াম পূর্বপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো. আসিফ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসিফ কুমিল্লা কোতয়ালী মডেল থানার মাহাজনবাড়ি এলাকার মৃত কামাল হোসেনের ছেলে।
র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিফ স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে স্কাফ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করতো। তার সঙ্গে আরও কয়েকজন সহযোগী যুক্ত রয়েছে বলেও তথ্য দিয়েছে সে।
র্যাবের কর্মকর্তারা জানান, মাদক একটি সামাজিক ব্যাধি এবং এর বিরুদ্ধে শূন্য সহনশীল নীতি নিয়ে তারা মাঠে কাজ করে যাচ্ছেন। মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
স্থানীয়রা জানান, সীমান্তবর্তী এ অঞ্চলে দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার প্রসার ঘটেছিল। র্যাবের এই অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের তৎপরতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
এই অভিযানে মাদক বিরোধী কার্যক্রমে র্যাবের ভূমিকাকে প্রশংসা করেন স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল। তারা মনে করছেন, আইনশৃঙ্খলা বাহিনীর দৃঢ় পদক্ষেপের ফলে মাদক ব্যবসায়ীরা চাপে পড়বে এবং যুব সমাজকে রক্ষা করা সম্ভব হবে।

মো: সাখাওয়াত হোসেন (হৃদয়)