বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যার ফলে সাগর উত্তাল হয়ে উঠেছে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার সকাল ৬টায় প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৮৩০ কিলোমিটার, মোংলা থেকে ৭৩৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকাগুলোতে সাগর উত্তাল রয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, আগামীকাল শুক্রবার সকালে গভীর নিম্নচাপটি ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের উপকূল দিয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে। তিনি আরও বলেন, বর্ষা মৌসুমে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির পরিবেশ সাধারণত অনুকূল থাকে না। তবে নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়বে এবং তাপমাত্রা কমে যাওয়ায় গরমের অনুভূতি হ্রাস পেতে পারে।
সতর্কতা ও প্রস্তুতি :
সাগরে মাছ ধরতে যাওয়া নৌযানগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক :