প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

দেবিদ্বারে পুলিশ সদস্যকে আটকে রেখে চাঁদা দাবির ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় এক পুলিশ সদস্যকে আটকে রেখে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার ভিত্তিতে পুলিশ ইতিমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে।

 

অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন ওরফে বিল্লু, দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক দলের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক। তাঁর বাড়ি পৌর এলাকার আলমপুরে, পিতা ইসমাইল হোসেন।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, তাসলিমা আক্তার (হারুনুর রশিদের মেয়ে, বুড়িরপাড়, সুবীল ইউনিয়ন) হেলাল খান (গুনাইঘর দৌলতখান)

 

মামলার অন্যান্য আসামিরা, আমেনা বেগম (ফিরোজ মিয়ার স্ত্রী, বুড়িরপাড়), কামাল (গুনাইঘর দৌলতখান), কানা জালাল (আবু তাহেরের ছেলে, চাপানগর), স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লু।

 

ভুক্তভোগী পুলিশ সদস্য আবু কাউছার বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় কর্মরত। তাঁর স্ত্রী ইশরাত জাহান মামলার বাদী হিসেবে জানান, গত ১ অক্টোবর আমেনা বেগম জমি দেখানোর কথা বলে কাউছারকে ছোট আলমপুরে ডেকে নেন। জমি দেখানোর পর পার্শ্ববর্তী একটি মাদ্রাসার পঞ্চম তলায় নিয়ে গিয়ে রুমে আটকে রাখা হয়।

 

সেখানে উপস্থিত ছিলেন তাসলিমা আক্তার, আমেনা বেগম, হেলাল খান, কামাল, বিল্লু ও জালাল। তারা আবু কাউছারের ওপর হামলা চালিয়ে তাঁর কাছে থাকা নগদ ১৩ হাজার টাকা ও একটি স্বর্ণের আংটি ছিনিয়ে নেন। এরপর দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা আদায় করে তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতনের পর তাকে ছেড়ে দেওয়া হয়।

 

ইশরাত জাহান আরও জানান, বিবাদীরা আবু কাউছারকে তাঁর প্রথম স্ত্রী তাসলিমা আক্তারকে ২০ লাখ টাকা কাবিনে পুনরায় বিবাহ করতে বলেন। তিনি রাজি না হওয়ায় চাঁদা দাবি ও নির্যাতনের ঘটনা ঘটে।

 

বিল্লাল হোসেন দাবি করেন, “আমার এলাকার ছেলেরা আবু কাউছারকে তার প্রথম স্ত্রীর সঙ্গে দেখার পর আটক করে। আমি গিয়ে শুনি সে পুলিশ সদস্য, তখনই চলে আসি। ওসি আমার নাম শুনে মামলায় জড়িয়েছেন।

 

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, “পুলিশ সদস্যের স্ত্রীর করা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে।

প্রিন্ট করুন