প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ–বাহরাইন দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ফলপ্রসূ আলোচনা

এস এম জহিরুল ইসলাম রাজু, বাহরাইন প্রতিনিধি

 

বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে বাহরাইন সরকারের উচ্চপর্যায়ের মন্ত্রীদের সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

তিনি পৃথক বৈঠকে সাক্ষাৎ করেন বাহরাইনের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশীদ বিন আব্দুল্লাহ আল খালিফা, শ্রম ও আইন মন্ত্রী ইউসুফ বিন আব্দুল হুসাইন খালাফ এবং বিচার ও ধর্ম মন্ত্রী নাওয়াফ বিন মুহাম্মদ আল মাওয়াদ্দার সঙ্গে।

বৈঠকগুলোতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। ড. আসিফ নজরুল বাহরাইনে বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার ও ভিসা পুনরায় উন্মুক্ত করার অনুরোধ জানান। তিনি বিশেষভাবে ডাক্তার, নার্স, শিক্ষক, কেয়ারগিভার, আইটি বিশেষজ্ঞ ও মেডিক্যাল টেকনিশিয়ানসহ দক্ষ জনশক্তি নিয়োগের প্রস্তাব উপস্থাপন করেন।

এছাড়া, দ্রুত পারিবারিক (ফ্যামিলি) ভিসা চালু করা ও দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

বাহরাইনের সংশ্লিষ্ট মন্ত্রীরা উপদেষ্টাকে সফরের জন্য ধন্যবাদ জানিয়ে আশ্বাস দেন যে, আলোচিত প্রস্তাবগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।

বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার, এনডিসি, এবং বাহরাইন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারিগণ।

প্রিন্ট করুন