প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে রাজপথে হাজারো মানুষ, উত্তাল নগরীর পূবালী চত্ত্বর

মো: সাখাওয়াত হোসেন (হৃদয়)

কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল হয়ে উঠেছে কুমিল্লা নগরী। কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তারা।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় পূবালী চত্বরে অনুষ্ঠিত হয় এক বিশাল জনসমাবেশ। জেলার ১৭টি উপজেলা থেকে দলে দলে মানুষ এসে ভিড় করেন ঐতিহাসিক পূবালী চত্বরে।

বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর ব্যানারে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সভাপতি টিপু চৌধুরী। সমাবেশে কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা। হাজার বছরের ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি ও ইতিহাসে সমৃদ্ধ এই কুমিল্লা যখনই বিভাগের ঘোষণার দ্বারপ্রান্তে পৌঁছায়, তখনই নানান মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়। নোয়াখালীসহ বৃহত্তর কুমিল্লার ছয়টি জেলার বিভিন্ন দপ্তরের ৪২টি আঞ্চলিক কার্যালয় কুমিল্লায় অবস্থিত। তাই কুমিল্লা বিভাগ গঠন এখন সময়ের দাবি।

তারা আরও বলেন, কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী কুমিল্লা বিভাগ অবশ্যই কুমিল্লা নামেই বাস্তবায়ন করতে হবে। যেসব জেলা থাকতে চায় না, তাদের বাদ রেখেও কুমিল্লা বিভাগ গঠন সম্ভব। কুমিল্লা বিভাগের বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে সমাবেশে বক্তারা দৃঢ় অবস্থান জানান।

প্রিন্ট করুন