কুমিল্লা সদর আসনের পলাতক সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন বলে জানা গেছে। সম্প্রতি একটি ব্যাপ্টিস্ট চার্চের সামনে হোন্ডা কোম্পানির কালো রঙের প্রাইভেটকারে ওঠার সময় তার ও তার স্ত্রী মেহেরুন্নেছা বাহারের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি বুধবার ফেসবুকে পোস্ট করা হয় এবং একাধিক নিউজ প্রোফাইলেও তা ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, বাহার দম্পতি গাড়িতে ওঠার মুহূর্তে একজন প্রত্যক্ষদর্শী মন্তব্য করেন- “বহু রাঘব বোয়াল এখন মালয়েশিয়া। বুকিতবিনতাংয়ে অনেককে পাওয়া যাবে।” এই মন্তব্য ঘিরে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।
এর আগে গত ২৪ আগস্ট ভারতের কলকাতায় বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচিকে আটক করে কলকাতা পুলিশ। তবে একরাত পরই তাদের ছেড়ে দেওয়া হয়। ভারতের বিভিন্ন স্থানে তীব্র বিক্ষোভের আশঙ্কায় তাদের আটক করা হয়েছিল বলে জানা যায়। এরপরই তাদের ভারত ছাড়ার খবর ছড়িয়ে পড়ে।
বর্তমানে তাহসীন বাহার সূচি লন্ডন হয়ে আমেরিকার ওয়াশিংটনের উদ্দেশ্যে যাত্রা করেছেন বলে গুঞ্জন রয়েছে, যদিও এ তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে বাহার দম্পতির মেঝো মেয়ে আইমান বাহার ইতোমধ্যে দুবাইয়ে পাড়ি জমিয়েছেন।
উল্লেখ্য, কুমিল্লার আলোচিত অ্যাডভোকেট আবুল কালাম আজাদ হত্যাকাণ্ডের ঘটনায় বাহাউদ্দিন বাহারসহ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট গৃহীত হয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি রয়েছে। এই মামলার অন্যতম আসামি হিসেবে বাহার বর্তমানে পলাতক অবস্থায় রয়েছেন।

অনলাইন ডেস্ক :