প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

হোমনায় এনজিও কর্মীর রহস্যজনক মৃত্যু

তানভীর ইসলাম আলিফ :

কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর বাজারে এক নারী এনজিও কর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় এনজিও প্রতিষ্ঠান ‘পদক্ষেপ’-এর অফিস ভবনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে মাহমুদা আক্তার (৩০) নামে ওই কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

নিহত মাহমুদা আক্তার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার লেশিয়ারা গ্রামের আবদুল আজিজ মোল্লার মেয়ে। তিনি ‘পদক্ষেপ’ এনজিওতে কর্মরত ছিলেন এবং অফিস ভবনের তৃতীয় তলায় একা থাকতেন।

 

প্রতিষ্ঠানটির ম্যানেজার কামরুজ্জামান জানান, বুধবার রাতে কাজ শেষে মাহমুদা নিজ কক্ষে যান। বৃহস্পতিবার সকালে অফিসে না আসায় সহকর্মীরা তাকে ডাকাডাকি করেন, কিন্তু কোনো সাড়া না পেয়ে ভবনের মালিককে বিষয়টি জানান। পরে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মাহমুদার লাশ দেখতে পান।

 

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।”

 

এ ঘটনায় স্থানীয়দের মাঝে শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। মাহমুদা আক্তার ছিলেন একজন দায়িত্বশীল ও পরিশ্রমী কর্মী, যার মৃত্যু ঘিরে নানা প্রশ্ন উঠছে।

প্রিন্ট করুন