প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

জামিনে এসেই মামলা তুলে নিতে হুমকি

অনলাইন ডেস্ক

মো. সাজ্জাদ হোসেন (মুরাদনগর) কুমিল্লা: হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আদালত থেকে জামিনে এসে ফের মামলা তুলে নিতে বাদী ও স্বাক্ষীদের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কুমিল্লার মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের নাগেরকান্দি ইকোপার্কের গেইটে এ ঘটনা ঘটে। ভূক্তভোগিরা উক্ত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ মার্চ দুপুরে ইকোপার্কের এম.ডি আবু কাউছার ও পরিচালক মাসুম সরকার হামলার শিকার হয়। ওইদিন তারা ইকোপার্কে কাজ করতেছিল। নাগেরকান্দি গ্রামের মৃত জহির উদ্দিন খানের ছেলে জমির উদ্দিন খানের নেতৃত্বে নামধারী ১১জনসহ অজ্ঞাতনামা আরো ১০/১২জন পূর্ব পরিকল্পিত ভাবে ওই হামলা চালায়। হামলাকারিরা রামদা, ছোড়া, লোহার রড ও লাঠিসোটা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে তাদের মাথাসহ শরীলের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে ও দু’টি দাত ভেঙ্গে ফেলে।

পরে লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে প্রথমে মুরাদনগর ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আবু কাউছারের স্ত্রী আম্মাতুল ফেরদৌস বাদী হয়ে নামধারী ১১জনসহ অজ্ঞাতনামা আরো ১০/১২জনের বিরুদ্ধে গত ২১ মার্চ মুরাদনগর থানায় একটি মামলা করেন। পরে আসামীরা আদালত থেকে জামিনে এসে মামলা তুলে নিতে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে বেড়াচ্ছে। নিরূপায় হয়ে ভূক্তভোগিরা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেছেন।

শুধু তাই নয়, আসামীরা বাদী ও স্বাক্ষীদের মালিকানাধীন দখলীয় সম্পত্তি জোরপূর্বক বে-দখল করার পাঁয়তারাও করছে। বিভিন্ন স্থানে অভিযোগ করার পরও আতংক ও উৎকন্ঠার মধ্যদিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভূগছে বলে ভূক্তভোগিরা সাংবাদিকদের জানিয়েছেন।
উক্ত ঘটনায় অভিযুক্ত জমির উদ্দিন খানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মোবাইল ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।
মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। কেউ লিখিত ভাবে অবহিত করলে বিষয়টি আমি খোঁজ খবর নিয়ে দেখব।

প্রিন্ট করুন