কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম ইউনিয়নের ভাটগাঁও গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক প্রবাসীর বসতঘরে হামলা, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী সিরাজুল ইসলাম অভিযোগে উল্লেখ করেন, তিনি ২০১৮ সালের ৮ই জানুয়ারি বাচ্চু মিয়ার কাছ থেকে ঝলম মৌজার ২২ ডিসিম জমি ক্রয় করেন এবং রেজিস্ট্রি অনুযায়ী বৈধ মালিক হন।
তবে একই গ্রামের কবির হোসেন ও তার পিতা ছাদেক হোসেন ওই জমিতে নিজ সম্পত্তির দাবি তুলে দীর্ঘদিন ধরে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন।
স্থানীয়ভাবে বিষয়টি একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও সুফল মেলেনি। পূর্ব তদন্তে, পুলিশ সিরাজুল ইসলামকে বৈধ মালিক হিসেবে স্বীকৃতি দেয়।
তবুও, গত ২৫ অক্টোবর গভীর রাতে কবির হোসেন ও বহিরাগত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রসহ প্রবাসীর বাড়িতে হামলা চালায়।
সন্ত্রাসীরা ঘরের মালামাল লুট করে, বিদ্যুৎ মিটার ভাঙে এবং পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় দুই লক্ষ টাকার মাছ মেরে ফেলে আর্থিক ক্ষতি করেন।
এ বিষয়ে অভিযোগকারী সিরাজুল ইসলাম বলেন,
“আমি অসুস্থ মানুষ, বাড়িতে একা থাকি। আমার দুই ছেলে একজন প্রবাসে, আরেকজন ঢাকায় চাকরিতে। সুযোগ বুঝে কবির ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা বারবার হামলা চালাচ্ছে। আগেও আইনশৃঙ্খলা বাহিনীর নিকট লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু কোনো বিচার পাইনি। তিনি এবারের দাখিলকৃত লিখিত অভিযোগের ভিত্তিতে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এবিষয়ে মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে জানিয়েছেন অভিযোগরে ভিত্তিতে অভিযোগকারী আইনগত সহায়তা পাবে। ভাংচুরের ঘটনা সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। বাকীটুকু দেওয়ানি বিষয় সেটা আদালত দেখবে।
জমি নিয়ে দীর্ঘদিনের এই বিরোধ এখন নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পুরো এলাকায়।
স্থানীয়রা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছেন।

নিজস্ব প্রতিবেদক