প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন বাড়িতে তুলে নিয়ে হাত ভাঙল সন্ত্রাসীরা

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা নগরীতে চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন বাড়ির মালিক আলী হোসাইনকে তুলে নিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এতে তার একটি হাত ভেঙে যায়। এ ঘটনায় র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নগরীর ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে চর্থা এলাকার শান (২৫) ও বিশাল (২৫) নামে দুই যুবককে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে।

র‌্যাব জানায়, দক্ষিণ চর্থা এলাকায় নির্মাণাধীন একটি বাড়িতে গিয়ে শান ও বিশালসহ কয়েকজন যুবক চাঁদা দাবি করেন। বাড়ির মালিক আলী হোসাইন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে জোরপূর্বক তুলে নিয়ে চর্থা থিরাপুকুর পাড় এলাকার অপর একটি নির্মাণাধীন বাড়িতে আটকে রেখে দেশীয় অস্ত্র দিয়ে নির্যাতন চালানো হয়।

আহত আলী হোসাইন জানান, “তারা দীর্ঘদিন ধরে আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় আমাকে তুলে নিয়ে নির্মাণাধীন বাড়িতে আটকে রেখে হাত ভেঙে দেয় এবং হত্যার ভয় দেখিয়ে নগদ ও বিকাশে ৫০ হাজার টাকা আদায় করে।” বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর ১৯ অক্টোবর আলী হোসাইন বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে রাত ৮টায় থানায় হস্তান্তর করে।

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, গ্রেপ্তার বিশালের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই ও ভাঙচুরসহ ১০টি মামলা রয়েছে। শানের বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি ও ছিনতাইসহ ৩টি মামলা।

আহত আলী হোসাইন বাকি চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রিন্ট করুন