প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

বিকৃত ছবির উৎস ভারতের এক বৃদ্ধা, ফ্যাক্টচেকে বিভ্রান্তি উন্মোচন

অনলাইন ডেস্ক :

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিকে কেন্দ্র করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু নিয়ে গুজব ছড়িয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে তৈরি করা একটি ফটোকার্ডে দাবি করা হয়, ছবিটি শেখ হাসিনার মৃত্যুর পরের দৃশ্য। এতে বিভ্রান্তি ছড়ায় এবং রাজনৈতিক অস্থিরতা বাড়ে।

তবে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার ও ফ্যাক্টওয়াচ নিশ্চিত করেছে, ছবিটি শেখ হাসিনার নয়। এটি ভারতের ৮২ বছর বয়সী এক নারী যাত্রীর ছবি, যাকে দিল্লি বিমানবন্দরে হুইলচেয়ার না দিয়ে হেঁটে যেতে বাধ্য করা হয়। পরে বেঙ্গালুরুতে পৌঁছে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।

ফ্যাক্টওয়াচ জানায়, ছবিটি বিকৃত করে শেখ হাসিনার মুখ বসিয়ে যমুনা টিভির আদলে বানানো একটি ফটোকার্ডে ছড়ানো হয়। ফটোকার্ডে ১৩ মে ২০২৫ তারিখ উল্লেখ থাকলেও যমুনা টিভির অফিসিয়াল সোর্সে এমন কোনো প্রকাশনা পাওয়া যায়নি।

রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, ছবির মূল উৎস ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট, যেখানে ৮ মার্চ ২০২৫ তারিখে ছবিটি প্রকাশিত হয়। সেখানে শেখ হাসিনা নয়, রাজ পাসরিচা নামে এক বৃদ্ধা নারীকে দেখা যায়।

উল্লেখ্য, ১২ মে ২০২৫ তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়। তবে এই নিষেধাজ্ঞার আগে থেকেই ছবিটি ভাইরাল হতে শুরু করে।

বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল ও অনলাইন ক্লিক বাড়ানোর কৌশল হিসেবে এই ধরনের বিভ্রান্তিকর ছবি ছড়ানো হচ্ছে। তারা একে ‘ডিজিটাল গুজব’ হিসেবে চিহ্নিত করেছেন, যা সমাজ ও রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

প্রিন্ট করুন