প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

দেবিদ্বারে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর, গুরুতর আহত সিএনজি চালক

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় সড়ক দুর্ঘটনায় রবিউল হাসান (৩০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ নারায়নপুর (ছয়গুরা) এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার কংশনগর বাজারের আড়ত থেকে মাছ আনতে যাচ্ছিলেন রবিউল হাসান। তিনি সিএনজিতে করে যাত্রা করছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি সিলেটগামী মালবাহী ট্রাক সিএনজিটিকে চাপা দিলে ঘটনাস্থলেই রবিউল মারা যান।

নিহত রবিউল হাসান দেবিদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নের পীর মহেশপুর গ্রামের বাসিন্দা এবং মো. শাহ আলমের পুত্র। পেশায় তিনি একজন মাছ ব্যবসায়ী ছিলেন।

এ ঘটনায় সিএনজি চালক আলমগীর হোসেন (৩২) মারাত্মক আহত হন। তিনি দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চান্দপুর গ্রামের মৃত অজিদ মিয়ার পুত্র। বর্তমানে তিনি কুমিল্লা ট্রমা সেন্টারে চিকিৎসাধীন।

মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আনিসুর রহমান জানান, দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতের পরিবার মামলা করতে অনাগ্রহ প্রকাশ করায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও সিএনজি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

প্রিন্ট করুন