প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

আওয়ামী লীগ নেতার জামায়াতে যোগদান

অনলাইন ডেস্ক :

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যকর পরিবর্তন ঘটেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগ দিয়েছেন গুয়ারেখা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল লতিফ ওরফে লতিফ সেক্রেটারি।

জামায়াতের গুয়ারেখা ইউনিয়ন সেক্রেটারি মো. মহিব্বুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, “আব্দুল লতিফ আমাদের দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছেন। যাচাই-বাছাই শেষে তাকে আনুষ্ঠানিকভাবে সদস্য করা হবে।”

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্দুল লতিফ বলেন, “আমি পূর্বে আওয়ামী লীগ করতাম, এখন জামায়াতে যোগদান করেছি। বয়স কম হয়নি। আমার বয়স এখন ৭০ বছর। শেষ জীবনে একটি ইসলামি দলের সঙ্গে থেকে মরতে চাই।”

স্থানীয় সূত্রে জানা গেছে, গুয়ারেখা ইউনিয়নটি মূলত হিন্দু অধ্যুষিত এবং ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে সম্প্রতি কয়েকজন প্রবীণ আওয়ামী লীগ নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন বা জামায়াতমনা হয়ে উঠছেন।

মো. মহিব্বুল্লাহ আরও জানান, “এলাকা হিন্দু অধ্যুষিত হলেও অনেক সম্ভ্রান্ত হিন্দু নাগরিকও আমাদের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন। নিরঞ্জন হালদার নামে এক স্কুল শিক্ষকও সম্প্রতি আমাদের দলে এসেছেন।”

আওয়ামী লীগের একজন সহসভাপতির হঠাৎ জামায়াতে যোগদানকে স্থানীয় রাজনৈতিক মহল গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছে। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

প্রিন্ট করুন