ঝিনাইদহ সদরের সুরাট বাজারে জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করেছে কৃষি বিভাগ। শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীব বিষয়টি নিশ্চিত করে জানান, “স্থানীয়দের মাধ্যমে জানতে পারি জামায়াতের সুরাট ইউনিয়ন কার্যালয়ে সরকারি প্রণোদনার সার ও বীজ মজুদ রয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করি।”
তিনি আরও বলেন, “উদ্ধারকৃত সার ও বীজ সরকারি প্রণোদনার আওতায় কৃষকদের জন্য বরাদ্দ ছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
এ বিষয়ে সুরাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
স্থানীয় পর্যায়ে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—সরকারি কৃষি সহায়তা কীভাবে একটি রাজনৈতিক দলের কার্যালয়ে মজুদ হলো? তদন্তের দাবি উঠছে প্রশাসনিক ও রাজনৈতিক পর্যায়ে।

অনলাইন ডেস্ক :