প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৫০ জন নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ঝটিকা মিছিলের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্ন ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা হঠাৎ করে রাস্তায় জড়ো হয়ে স্লোগান দেন এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। তাদের এই কর্মকাণ্ডে সড়কে চলাচলকারী সাধারণ মানুষ ও আশপাশের এলাকায় নিরাপত্তা বিঘ্নিত হয়।

গ্রেফতারকৃত কয়েকজনের বরাতে পুলিশ বলছে, বিদেশে অবস্থানরত কিছু পলাতক ব্যক্তি অর্থায়নের মাধ্যমে এই ঝটিকা মিছিল পরিচালনা করছিলেন। তাদের নির্দেশনায় সংগঠনের নিষিদ্ধ নেতাদের কয়েকজনও এ কাজে জড়িত থাকার ইঙ্গিত পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, ৫০ সেকেন্ডের একটি মিছিলে অংশ নিলেই জনপ্রতি সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত প্রদান করা হতো।

পুলিশ আরও জানায়, এসব ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীরা সাধারণত মুখে রুমাল বা মাস্ক ব্যবহার করে নিজেদের পরিচয় গোপন রাখার চেষ্টা করেন। টাকার বিনিময়ে অংশ নেওয়া ভাড়াটে কিছু লোক মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশায় নিজ এলাকা ছাড়াও বাইরে গিয়ে এসব কর্মসূচি পরিচালনা করে থাকে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বাহিরে থাকা কিছু ব্যক্তি উস্কানি ও প্ররোচনার কাজ চালিয়ে যাচ্ছে বলে দাবি পুলিশের।

কুমিল্লা জেলা পুলিশ সুপার বলেন, “রাষ্ট্রবিরোধী ও সহিংস কার্যকলাপের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হচ্ছে। এসব ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

প্রিন্ট করুন