প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

বিএনপির মনোনয়ন ঘিরে সহিংসতা চার নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে চার নেতাকে বহিষ্কার করেছে দলটি। সোমবার ৩ নভেম্বর রাতে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ ঘোষণা করা হয়।

 

বহিষ্কৃত নেতারা হলেন স্বেচ্ছাসেবক দলের সীতাকুণ্ড উপজেলা সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন এবং যুবদলের সোনাইছড়ী ইউনিয়নের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যার পর দলীয় মনোনয়নকে কেন্দ্র করে তারা চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার ও জলিল গেট এলাকায় সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধসহ নানাবিধ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত হন। এসব কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা পরিপন্থী হওয়ায় তাদেরকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

দলীয় সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্ত দলের শৃঙ্খলা রক্ষায় একটি কঠোর বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি অভ্যন্তরীণ বিশৃঙ্খলা মোকাবেলায় কঠোর অবস্থান নিচ্ছে।

প্রিন্ট করুন