বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী জ্ঞানভাণ্ডার রামমালা গ্রন্থাগারকে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার বিকেলে কুমিল্লা ঈশ্বর পাঠশালা প্রাঙ্গণে অবস্থিত এই গ্রন্থাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ ঘোষণা দেন।
রামমালা গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয় ১৯১২ সালে, তবে এর সংগ্রহের ঐতিহাসিক শিকড় আরও দুই শতাব্দী পুরোনো ১৭০০ থেকে ১৯০০ খ্রিস্টাব্দ পর্যন্তের দুর্লভ পাণ্ডুলিপি, প্রাচীন বই, সংবাদপত্র ও ঐতিহাসিক দলিল এতে সংরক্ষিত রয়েছে। এর প্রতিষ্ঠাতা ছিলেন দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য, যিনি ঈশ্বর পাঠশালার ব্যক্তিগত সংগ্রহকে সম্প্রসারিত করে এই গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন।
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “রামমালা গ্রন্থাগার দেশের সংস্কৃতি ও মননচর্চার ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। একটি ঐতিহ্যবাহী জ্ঞানভাণ্ডার হিসেবে এর মূল্যবান সম্পদ সংরক্ষণ জরুরি।” তিনি আরও বলেন, “রামমালায় সংরক্ষিত পাণ্ডুলিপি, বই ও দলিল আমাদের জাতীয় ইতিহাসের অমূল্য সাক্ষ্য। এগুলো নষ্ট হয়ে যাওয়ার আগেই ডিজিটাল আর্কাইভ ও আধুনিক সংরক্ষণব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। বিষয়টি সংস্কৃতি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর করা হবে।”
গ্রন্থাগারের সঙ্গে থাকা ছোট মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে অতি প্রাচীন মুদ্রা, শিল্পকর্ম ও ঐতিহাসিক নিদর্শন। এসব নিদর্শনের সুরক্ষায় বৈজ্ঞানিক সংরক্ষণ পদ্ধতি ও প্রদর্শনের আধুনিক ব্যবস্থা চালুর সুপারিশও করেন তিনি।
এর আগে, তথ্য উপদেষ্টা কুমিল্লা নগরের জাগুরঝুলি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন। তিনি প্রকল্পের অগ্রগতি, সম্ভাব্য নকশা ও বাস্তবায়ন সময়সূচি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, “তথ্য ও প্রযুক্তি বিনিময়ের আধুনিক সুবিধাসম্পন্ন এই কমপ্লেক্স প্রতিষ্ঠিত হলে সাধারণ মানুষের সেবা গ্রহণ সহজ হবে এবং কুমিল্লা অঞ্চলের তথ্যভিত্তিক কার্যক্রমে গতি আসবে।”
পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক :