কুমিল্লা সদরের পাঁচথুবি ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে ৫২ বোতল ফেন্সিডিলসহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মীর হোসেন ওরফে মীরু ( ৫০) কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টাস্কফোর্স দল।
বৃহস্পতিবার ৬ নভেম্বর দুপুরে ছাওয়ালপুর গ্রামে মীরুর নিজ বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরোজ কোরেশী দীপ্ত। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুমিল্লা-এর উপপরিচালক মো. বজলুর রহমান। পরিদর্শক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে গঠিত রেইডিং পার্টির সদস্য, বাংলাদেশ পুলিশ ও বিজিবি সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স টিম এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত মীর হোসেন ওরফে মীরু ছাওয়ালপুর গ্রামের মৃত মো. মহর আলীর ছেলে। তার বিরুদ্ধে পরিদর্শক মো. শফিকুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

নিজস্ব প্রতিবেদক :