আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভারতের সঙ্গে লাগোয়া কুমিল্লার সীমান্তে ফের সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র ও মাদক সিন্ডিকেট। রাত যত বাড়ে, ততই ভয়াল হয়ে ওঠে সীমান্তের চিত্র। কুমিল্লার সদর, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ উপজেলার অন্তত ৫০টি সীমান্ত পয়েন্ট দিয়ে প্রতিদিনই প্রবেশ করছে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক। সীমান্তে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চললেও থামছে না ভয়াল চোরাচালান। নির্বাচনের আগে এই প্রবণতা আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
৩ নভেম্বর ২০২৫ তারিখে বিজিবির গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনপুর মাঠ এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ১০ বিজিবির যশপুর বিওপি টহল দল সীমান্ত পিলার থেকে ২০০ গজ ভেতরে অভিযান চালিয়ে এসব অস্ত্র-মাদক পরিত্যক্ত অবস্থায় জব্দ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিজিবি-বিএসএফের লাইনম্যান নামধারীরা ভারত থেকে কুমিল্লায় মাদক ও অস্ত্র আনার ক্ষেত্রে সরাসরি যোগাযোগ রাখছে। বিশেষ করে যেসব সীমান্তে কাঁটা তারের বেড়া নেই, সেসব জায়গা দিয়েই ঢুকছে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক। মাদকসেবিদের বরাতে জানা গেছে, বিজিবি ম্যানেজ করে জিরো পয়েন্টে মাদক সেবন করতে গিয়ে এসব অস্ত্র-মাদক পাচার করা হয়। সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনীর টহল না থাকায় চক্রটি বেপরোয়া হয়ে উঠেছে।
চোরাচালান সিন্ডিকেটগুলো চাহিদা অনুযায়ী কুমিল্লার জন্য রেখে বাকি মাদক-অস্ত্র পাচার করে থাকে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে। লোকাল ট্রেন ও মহাসড়ক ব্যবহার করে চালান পৌঁছায় নির্ধারিত গন্তব্যে। সন্ধ্যার পর বিবিরবাজার, গোলাবাড়ি, সাহাপুর, শিবের বাজার হয়ে মাদক পৌঁছায় স্থানীয় কারবারিদের হাতে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছয় বছর আগে কুমিল্লার ৮২ জন মাদক কারবারি ও তাদের পৃষ্ঠপোষকের নাম প্রকাশ করলেও মাত্র ৫-৬ জনকে আটক করা সম্ভব হয়েছে। উল্লেখযোগ্য গডফাদাররা এখনও ধরাছোঁয়ার বাইরে। জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, তালিকাভুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারেনি তৎকালীন পুলিশসহ অন্যান্য সংস্থাগুলো।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কুমিল্লার সীমান্তবর্তী পাঁচ উপজেলার নিম্নোক্ত পয়েন্টগুলো দিয়ে অবাধে প্রবেশ করছে অস্ত্র ও মাদক:
বুড়িচং উপজেলা: চড়নল, বারেশ্বর, সংকুচাইল, রাজাপুর, হায়দ্রাবাদনগর, রসুলপুর, ব্রাহ্মণপাড়া উপজেলা : শশীদল, আশাবাড়ি, নয়নপুর, তেতাভূমি, হরিমঙ্গল, বাগরা, গঙ্গানগর, কুমিল্লা আদরশ সদর : বিবিরবাজার, বৌয়ারা, গোলাবাড়ি, সাহাপুর, শিবের বাজার, সদর দক্ষিণ: একবালিয়া, তালপট্টি, সুবর্ণপুর, চৌয়ারা, যশপুর, শ্রীপুর, কনেশতলা, দড়িবটগ্রাম, রাজেশপুর, চৌদ্দগ্রাম উপজেলা : গোমারবাড়ি, আমানগন্ডা, ছফুয়া, জগন্নাথদীঘি, গোলপাশা, বসন্তপুর, সাতবাড়িয়া, পানপট্টি, তারাপুর, কাইচ্ছুটি, কোমারডোগা, পদুয়া।
ব্রাহ্মণপাড়ার শশীদলের কাছে হরিমঙ্গল, বাগরা, গঙ্গানগর এবং বুড়িচংয়ের রসুলপুর থেকে মাদকের চালান বেশিরভাগ ক্ষেত্রে লোকাল ট্রেনে হয়ে থাকে। সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম সীমান্তে মাদকের ছোট বড় চালান যানবাহনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে হয়ে থাকে।
জেলার বিশিষ্টজনরা বলছেন, মাদকের চাহিদা ও ব্যবসা সমানতালে বেড়েছে। তরুণ-যুবকদের বিপথগামী করে সামাজিক অবক্ষয় চরমে পৌঁছেছে। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোতে অশান্তি লেগে আছে। মাদকের ভয়াবহতা কমাতে সীমান্তরক্ষী ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর ও আন্তরিক হতে হবে।

রুহুল আমিন চৌধুরী সুমন :