প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

মোজাহিদ চৌধুরীর বিরুদ্ধে ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ অটোরিকশা শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা সিটি কর্পোরেশনের যানজট নিরসনের নামে ব্যাটারি চালিত অটোরিকশা মালিক-শ্রমিকদের কাছ থেকে প্রায় ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিক ও মালিকরা লিখিত অভিযোগ জমা দিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট।

 

অভিযোগে বলা হয়, ১০ এপ্রিল ২০২৪ তারিখে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যানজট নিরসন কমিটির বৈঠকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিনের সভাপতিত্বে অটোরিকশা চালকদের পোশাক, বাঁশি ও চেকপোস্ট তৈরির নামে অর্থ সংগ্রহের প্রস্তাব দেওয়া হয়। এরপর ১১ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে ব্যবসায়িক সমিতির সাধারণ সম্পাদক মোজাহিদ চৌধুরী, সিটি কর্পোরেশনের বিদ্যুৎ শাখার ইঞ্জিনিয়ার ইউসুফ এবং অটোরিকশা মালিক সমিতির সভাপতিসহ আরও পাঁচজন শ্রমিকদের কাছ থেকে প্রতিজন ৪০০ টাকা করে উত্তোলন করেন।

 

অভিযোগকারীদের দাবি, এইভাবে ধাপে ধাপে প্রায় ৩২ লাখ টাকা সংগ্রহ করা হলেও এখন পর্যন্ত কোনো পোশাক বা বাঁশি দেওয়া হয়নি। বরং যারা টাকা ফেরতের দাবি তুলেছেন, তাদের পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে এবং অটোরিকশা আটক করে অতিরিক্ত ১০ লাখ টাকারও বেশি আদায় করা হয়েছে।

 

ক্ষতিগ্রস্ত শ্রমিকদের একজন এরশাদ বলেন, “বিশ্বাস করে টাকা দিয়েছিলাম, এখন উল্টো গাড়ি আটক করে হয়রানি করছে। প্রশাসন ব্যবস্থা না নিলে আন্দোলনে যাবো।” অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন এরশাদ, জাহাঙ্গীর, বাবুল, জাহিদ, আ. বারেক ও আলামীনসহ একাধিক মালিক-শ্রমিক।

 

অন্যদিকে, টাকা উত্তোলনের বিষয়টি অস্বীকার করে মোজাহিদ চৌধুরী বলেন, “সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে ট্রাফিক বক্স তৈরি হয়েছে। বাঁশি বা পোশাক যার যার সমিতির মাধ্যমে করার কথা ছিল। আমি কারো কাছ থেকে টাকা নেইনি।”

 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, “অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের ডিসি অফিসে ডাকা হয়েছে। তাদের বক্তব্য শুনে ব্যবস্থা নেওয়া হবে।”

সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহ আলম বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োগ ব্যবস্থা নেওয়া হবে।”

প্রিন্ট করুন