প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাহারা দেবে কুমিল্লা জুলাই ঐক্যমঞ্চ

নিজস্ব প্রতিবেদক :

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে কুমিল্লা জুলাই ঐক্যমঞ্চ। বুধবার (১২ নভেম্বর) সকালে কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ যেন কুমিল্লায় কোনো কর্মসূচি পালন করতে না পারে, সে লক্ষ্যে মহাসড়কে পাহারা বসানো হবে।

 

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহবায়ক আবু রায়হান বলেন, “পালিয়ে যাওয়া খুনি হাসিনাকে দেশে এনে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করতে হবে। কোনো সভ্য দেশ একজন খুনিকে আশ্রয় দিতে পারে না। শেখ হাসিনা বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”

 

তিনি আরও জানান, বুধবার বিকাল ৪টা থেকে কুমিল্লার গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেবেন ঐক্যমঞ্চের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পেট্রল টিমের মাধ্যমে পাহারা দেওয়া হবে।

 

সংগঠনের আহবায়ক রবিউল হোসেনের সভাপতিত্বে এবং মুখপাত্র সাইফুল ইসলাম সাইফের উপস্থাপনায় আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ছাত্রশিবির কুমিল্লা মহানগর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, ইনকিলাব মঞ্চ কুমিল্লা জেলার আহবায়ক গোলাম সামদানী, ছাত্র অধিকার কুমিল্লা জেলা সভাপতি আজহারুল আমিন, ইসলামী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবির সভাপতি মনির হোসেন।

 

সংগঠনটি জানিয়েছে, এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পরিচালিত হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাওয়া হবে।

প্রিন্ট করুন