নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে কুমিল্লা জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে জেলা পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ এলাকা, মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জানা যায়, জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও মাঠে রয়েছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং, দাউদকান্দি, পদুয়ারবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয়েছে অতিরিক্ত চেকপোস্ট। জনবহুল এলাকা, আবাসিক ও বাণিজ্যিক স্থানে বাড়ানো হয়েছে টহল ও তল্লাশি কার্যক্রম।
জেলা পুলিশের একাধিক সূত্র জানায়, কোনো ধরনের নাশকতা বা জনমনে আতঙ্ক সৃষ্টির আশঙ্কা এড়াতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। প্রতিটি থানাকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, জননিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। জনগণকে শান্ত থাকতে এবং কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক