প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

একই দিনে নির্বাচন ও গণভোট ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই জাতীয় সনদসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে গণভোট অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

 

ড. ইউনূস বলেন, “আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন যাতে উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হয়, সে লক্ষ্যে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি।” তিনি আরও জানান, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয় এবং ব্যয়ও সাশ্রয় হয়।

 

গণভোটের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের প্রস্তুতি চলছে বলে জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “জুলাই সনদের আলোকে আমরা গণভোটের ব্যালটে উপস্থাপনযোগ্য প্রশ্ন নির্ধারণ করেছি।”

 

আজকের উপদেষ্টামণ্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুমোদন করা হয়েছে। এটি রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত ঐকমত্যের দলিল হিসেবে গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় স্বাক্ষর শেষে আদেশটি গেজেট নোটিফিকেশনের পর্যায়ে পৌঁছে গেছে।

 

ড. ইউনূস আরও বলেন, “এই আদেশে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করেছি। এর মধ্যে রয়েছে সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনার ওপর গণভোট এবং পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত।”

 

এই ঘোষণাকে দেশের রাজনৈতিক অঙ্গনে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নির্বাচন ও গণভোট একসাথে আয়োজনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার একটি ঐতিহাসিক সংস্কার প্রক্রিয়ার সূচনা করল।

প্রিন্ট করুন